এসএসসি বস্তুর উপর তাপের প্রভাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ষ্ঠ অধ্যায়ের (বস্তুর উপর তাপের প্রভাব) গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি বস্তুর উপর তাপের প্রভাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
০১. কোনো কাচের পাত্রে পানি রেখে তাপ দিলে পানির উচ্চতার কীরূপ পরিবর্তন হয়? ব্যাখ্যা করো।
উত্তর: একটি কাঁচের পাত্রে পানি রেখে উত্তপ্ত করা হলে প্রথমে কাঁচের পাত্র তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। এ কারণে কাঁচের পাত্র প্রসারিত হয় এবং পানির উচ্চতা কমে। এরপর পানি তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় এবং পানির প্রসারণ কাঁচের প্রসারণের চেয়ে বেশী হওয়ায় পানির আয়তন বেড়ে যায়। ফলে পানির উচ্চতা বৃদ্ধি পায়।
০২. কোন পাত্রে গরম পানি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঢাকনার গায়ে ছোট ছোট পানির ফোঁটা জমা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কোন পাত্রে গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে, পাত্রের ভিতরের অংশে তাপমাত্রা বেশী থাকে এবং পাত্রের উপরের অংশে তাপমাত্রা তুলনামুলক কম থাকে। তাই ঢাকনার নিচের অংশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট পানির ফোঁটার সৃষ্টি করে। এজন্য গরম পানির পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঢাকনায় ছোট ছোট পানির ফোঁটা জমা হয়।
০৩. তাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ককী? ব্যাখ্যা করো।
উত্তর: তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। আবার তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে না গ্রহণ করবে। তাপশক্তি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয়। এটিই তাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক।
০৫. তাপমাত্রার বৃদ্ধির সাথে বস্তুর প্রসারণ ব্যাখ্যা করো।
উত্তর: তাপমাত্রা বৃদ্ধির ফলে সকল পদার্থই প্রসারিত হয়। তাপমাত্রা বৃদ্ধির ফলে কঠিন বস্তুর মধ্যে অণুগুলো যখন কাঁপতে থাকে তখন প্রত্যেক অণু গড় সাম্যাবস্থান থেকে বাইরে সরে যায়, ফলে বস্তুটি প্রসারিত হয়। তরল পদার্থের আন্তঃআণবিক বল কম হওয়ায়, তাপের কারণে এর প্রসারণ বেশি হয়। বায়বীয় পদার্থের বেলায় তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলোর ছুটাছুটি বৃদ্ধি পায়। তাপীয় প্রসারণ গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি, তরলে তার চেয়ে কম এবং কঠিন পদার্থে সবচেয়ে কম।
০৬. তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন হয়- ব্যাখ্যা করো।
উত্তর: পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকতে পারে। যেমন: কঠিন, তরল ও বায়বীয়। কঠিন পদার্থকে তাপ দিলে অণুগুলোর আন্তঃআণবিক শক্তি কমে যায় এবং দূরত্ব বৃদ্ধি পায়। ফলে তাপ গ্রহণে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। আবার তরল পদার্থকে তাপ দিলে অণুগুলোর আন্তঃআণবিক শক্তি আরও কমে যায় এবং দূরত্ব আরও বৃদ্ধি পায়। ফলে তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয়। আবার তাপ অপসারণ করলে বিপরীতক্রমে পদার্থটি বায়বীয় হতে তরল এবং তরল হতে কঠিন পদার্থে পরিণত হয়। তাই বলা যায় যে, তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন হয়।
০৮. জ্বর মাপার থার্মোমিটার সেলসিয়াস স্কেলের পরিবর্তে ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে কেন?
উত্তর: ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনও পরিমাপ করা যায়। যেমন: 1°C তাপমাত্রার পার্থক্যের জন্য ফারেনহাইট স্কেলে পরিবর্তিত হয় 1.8°F । অর্থাৎ, কারও শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 দাগ পরবর্তিত হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তিত হবে 9 দাগ। এজন্য জ্বর মাপার থার্মোমিটার সেলসিয়াস স্কেলের পরিবর্তে ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে।
০৯. গরুর গাড়ির কাঠের চাকার উপর লাগানো লোহার বেড় দৃঢ়ভাবে আটকে থাকার কারণ কী?
উত্তর: তাপ প্রয়োগে পদার্থ প্রসারিত হয় এবং তাপ অপসারিত হলে সংকুচিত হয়। গরুর গাড়ির কাঠের চাকার উপর যখন লোহার বেড় লাগানো হয় তখন এই লোহার বেড় তাপ দিয়ে প্রসারিত করা হয়। প্রাথমিক অবস্থায় লোহার বেড় চাকার চেয়ে সামান্য ছোট থাকে। যখন তাপ দিয়ে এটিকে প্রসারিত করা হয় তখন চাকার উপর এটি পরিয়ে দেওয়া যায়। কিন্তু যখন এটি ঠান্ডা হয়, তখন সংকুচিত হয়ে চাকার গায়ে দৃঢ়ভাবে আটকে থাকে।
১০. গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন?
উত্তর: বায়ু যত শুষ্ক হবে তরল পদার্থে বাষ্পায়নের হারও তত বৃদ্ধি পাবে। কারণ বায়ু যত শুষ্ক হয় তার জলীয় বাষ্প শোষণ করবার ক্ষমতা তত বৃদ্ধি পায়। আমাদের দেশে গ্রীষ্মকাল অপেক্ষা সাধারণত শীতকালে বায়ুমণ্ডলে কম জলীয় বাষ্প থাকে বলে ভিজা কাপড় শীতকালে দ্রুত শুকায়।
১১. গরম খাবার খাওয়ার সময় আমরা খাবারে ফুঁদিয়ে খাই কেন- বুঝিয়ে লিখ।
উত্তর: গরম খাবারের অতিরিক্ত তাপ দূরীকরণের জন্য আমরা খাবারে ফুঁদিয়ে খাই। গরম খাবার হতে যত বেশি তাপ বের হয় ততবেশি পরিমাণে খাবার ঠাণ্ডা হয়। যখন আমরা খাবারের উপর ফুঁদেই তখন তাপ গ্রহণ করা বাতাস খাবারের উপর থেকে সরে যায় এবং আশোপাশের ঠান্ডা বাতাস উক্ত ফাঁকা স্থানে জড়ো হয় ফলে গরম খাবার হতে তাপ দ্রুত বের হয়ে আসে এবং খাবার ঠান্ডা হয়। এজন্যই আমরা গরম খাবার খাওয়ার সময় ফুঁ দিয়ে খাই।
১২. প্রচন্ড গরমে এসি কক্ষে প্রবেশ করলে কেমন অনুভূত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রচন্ড গরমের মধ্যে পরিবেশের তাপমাত্রা অনেক বেশি থাকে। তাই আমাদের শরীর থেকে যে ঘাম বের হয় তা সহজে শুকায় না। অন্যদিকে এসি কক্ষে প্রবেশ করলেন, শরীর থেকে তাপ নিঃসরণ হতে পারে। আবার বাষ্পীভবনের কারণে শরীরের ঘাম দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। কারণ কক্ষের বায়ু শুষ্ক থাকায় শরীরের ঘাম জলীয়বাষ্পে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ আমাদের শরীর থেকে গ্রহণ করে। ফলে প্রচন্ড গরমের মধ্যে এসি কক্ষে প্রবেশ করলে আরামবোধ হয়।
১৩. মরু অঞ্চলে দিনে তীব্র গরম এবং রাত্রিতে ভীষণ ঠান্ডা পড়ে কেন?
উত্তর: মরুভূমির বায়ু শুষ্ক হওয়ায় ঐ বায়ু স্বচ্ছ পদার্থের ন্যায় ক্রিয়া করে। এজন্য দিনের বেলা সূর্যের বিকীর্ণতাপ অতি সহজে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ভূ-পৃষ্ঠে সঞ্চালিত হয় এবং তাতে ভূ-পৃষ্ঠ খুব উত্তপ্ত হয়। রাত্রে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে। শুষ্ক বায়ুর মধ্য দিয়ে এই তাপ সহজেই বায়ুমণ্ডল ভেদ করে চলে যেতে পারে। ফলে ভূ-পৃষ্ঠ অত্যধিক শীতল হয়। এই জন্য মরু অঞ্চলে দিনে তীব্র গরম এবং রাত্রিতে ভীষণ ঠান্ডা পড়ে।
১৪. একজন জ্বরে আক্রান্ত ব্যক্তি ঠান্ডায় কাঁপে, কিন্তু আশেপাশের মানুষ গরম অনুভব করে কেন?
উত্তর: তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে। ফলে শরীর থেকে তাপশক্তি পরিবেশে সঞ্চালিত হয় এবং ঐ ব্যক্তির ঠান্ডা লাগে। কিন্তু অন্য কেউ জ্বর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপ প্রবাহিত হয়। ফলে তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির ঠান্ডায় কাঁপে কিন্তু আশেপাশের মানুষ গরম অনুভব করে।
১৫. ভেজা কাপড় শুকানোর ক্ষেত্রে জলীয় বাষ্পের প্রভাব আলোচনা করো।
উত্তর: ভেজা কাপড় শুকানোর ক্ষেত্রে জলীয় বাষ্পের প্রভাব রয়েছে। শীতকালে দিনের বেলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় ভেজা কাপড় থেকে দ্রুত পানি শোষিত হয় বলে কাপড় তাড়াতাড়ি শুকায়। অন্যদিকে বর্ষাকালে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় কাপড় থেকে পানি শোষিত হয় না তাই কাপড় দেরিতে শুকায়।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১৬. পদার্থের তাপীয় ধর্ম বলতে কী বোঝায়?
উত্তর: তাপমাত্রার তারতম্যের কারণে পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজে ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকে পদার্থের তাপীয় ধর্ম বলে। পারদ থার্মোমিটারে পারদের প্রসারণ, অ্যালকোহল থার্মোমিটারে অ্যালকোহলের প্রসারণ, গ্যাস থার্মোমিটারে গ্যাসের চাপ, রোধ থার্মোমিটারের রোধ ইত্যাদি হলো এসব পদার্থের তাপীয় ধর্ম।
১৭. গলনাঙ্ক ব্যাখ্যা করো।
উত্তর: যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে অর্থাৎ, তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। যেমনঃ বরফের গলনাঙ্ক প্রমাণ চাপে 0°C । অর্থাৎ বরফ 0°C তাপমাত্রায় গলতে শুরু করে এবং সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হওয়া পর্যন্ত তাপমাত্রা 0°C-এ স্থির থাকে।
১৮. চাপের পরিবর্তনের সাথে গলনাঙ্কের পরিবর্তন কীরূপ হয় ব্যাখ্যা করো।
উত্তর: যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ, গলতে শুরু করে অর্থাৎ, তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে গলনাঙ্ক বলে। কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায় (যেমন বরফ), চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায়। আবার, কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায় (যেমন মোম), চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ, পদার্থের উপর চাপের হ্রাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়।
১৯. বাষ্পায়ন কী এবং যেসব নিয়ামকের উপর বাষ্পায়ন নির্ভর করে তাদের নাম লিখো।
উত্তর: যেকোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। বাষ্পায়ন নিম্নোক্ত নিয়ামকের উপর নির্ভর করে-
i. বায়ু প্রবাহ, ii. তরলের উপরিতলের ক্ষেত্রফল, iii. তরলের প্রকৃতি, iv. তরলের উপরস্থ চাপ, v. তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা ও শুষ্কতা।
২০. গ্রীষ্মকালে সাদা জামা ব্যবহার করা আরামদায়ক কেন?
উত্তর: সাদা বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা খুব কম। এইজন্য সূর্য থেকে যে তাপ সাদা জামার উপর পড়ে, তার বেশিরভাগই প্রতিফলিত হয় এবং বাকী অংশ শোষিত হয়ে জামার তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে। এই কারণে গ্রীষ্মকালে সাদা জামা ব্যবহার করা আরামদায়ক।
২২. বোতলের ছিপি গরম করা হলে এটি সহজে খোলা যায়-ব্যাখ্যা করো।
উত্তর: আমরা জানি, তাপে কঠিন পদার্থ প্রসারিত হয়। কাজেই বোতলের ছিপি খুলতে বোতলের মুখ খানিকটা গরম করলে তার মুখের ব্যাস বৃদ্ধি পায়। কাচের চেয়ে ছিপির প্রসারণ সহগ বেশি বলে বোতল অপেক্ষা ছিপি বেশি প্রসারিত হয় এবং ছিপি ঢিলা হয়ে যায়। ফলে ছিপি সহজে খোলা যায়।
২৩. বরফ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বরফে অণুগুলোর মধ্যকার প্রবল আকর্ষণের জন্য অণুগুলো নিয়মিতভাবে সাজানো থাকে। যখন বরফ পানিতে পরিণত হয়, তখন অণুগুলোর জ্যামিতিক সজ্জা ভেঙে ফেলতে যে শক্তির প্রয়োজন হয় তা সুপ্ততাপ সরবরাহ করে বলে পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয় না। তাই বরফ গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না।
২৪. রোদ্রে রাখা একখন্ড কাঠ অপেক্ষা লোহা অধিকতর গরম মনে হয় কেন?
উত্তর: একখণ্ড লোহা ও একখণ্ড কাঠকে কিছুক্ষণ রৌদ্রে ফেলে রাখার পর স্পর্শ করলে লোহায় বেশি গরম অনুভূত হয়। কারণ লোহা তাপ সুপরিবাহী। উত্তপ্ত লোহাকে হাত দ্বারা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাপ শরীরে পরিবাহিত হয়। কিন্তু কাঠ তাপ কুপরিবাহী হওয়ায় কাঠ থেকে কম তাপ শরীরে পরিবাহিত হয়। এজন্য লোহা অধিকতর গরম মনে হয়।
২৫. খড়ের ছাদযুক্ত ঘর গরমকালে ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: খড় তাপের কুপরিবাহক, এছাড়া ছাদ খড়ের তৈরী হলে খড়ের মাঝে মাঝে অনেক ফাঁক থাকে যাতে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের পরিবাহক হলেও গরমের দিনে বাইরে থেকে ছাদের মধ্য দিয়ে তাপ ভিতরে আসতে পারে না বলে ঘর ঠান্ডা মনে হয়। আবার শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকলেও ভিতরের তাপ বাইরে যেতে পারে না বলে গরম মনে হয়।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন চাইলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ও অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free