চতুর্থ শ্রেণীর হিন্দুধর্ম দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর: ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ। ঈশ্বর যে-রূপে সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। সুতরাং ব্রহ্মা সৃষ্টির দেবতা। সৃষ্টি করা তাঁর কাজ। বিশ্বের সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মা আমাদের দিয়েও অনেক কিছু সৃষ্টি করান। সেসব সৃষ্টির মূলেও রয়েছে ব্রহ্মার কৃপা।
চতুর্থ শ্রেণীর হিন্দুধর্ম দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর:
ক. শূন্যস্থান পূরণ কর:
১। ব্রহ্মা___করেন।
২। বিষ্ণু আমাদের ___করেন।
৩। যাঁরা বিষ্ণুর উপাসনা করেন তাঁদের বলা হয়___।
৪। শিবের উপাসকদের ___বলা হয়।
৫। শিবের বাহন___।
৬। দুর্গাপূজায় ___পাঠ করতে হয়।
উত্তর:
১। ব্রহ্মা সৃষ্টি করেন।
২। বিষ্ণু আমাদের পালন করেন।
৩। যাঁরা বিষ্ণুর উপাসনা করেন তাঁদের বলা হয় বৈষ্ণব।
৪। শিবের উপাসকদের শৈব বলা হয়।
৫। শিবের বাহন ষাঁড়।
৬। দুর্গাপূজায় শ্রীশ্রীচণ্ডী পাঠ করতে হয়।
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও:
উত্তর:
১। ঈশ্বরের সাকার রূপ → দেব-দেবী।
২। দেব-দেবীদের সন্তুষ্ট করার জন্য → পূজা করা হয়।
৩। শরৎকালে → দুর্গাপুজা করা হয়।
৪। বিষ্ণু দুষ্টদের → দমন করেন।
৫। যাত্রাকালে দুর্গা, দুর্গা → বলতে হয়।
৬। শিবের আরেক নাম → আশুতোষ।
গ. সঠিক উত্তরটির পাশে টিক (✓) চিহ্ন দাও:
১। ব্রহ্মার বাহন কী?
ক. পেঁচা
খ. ইঁদুর
গ. হংস✓
ঘ. ময়ূর
২। দুর্গা কিসের দেবী?
ক. বিদ্যার
খ. সৃষ্টির
গ. ধন-সম্পদের
ঘ. শক্তির✓
৩। সকল পূজার শুরুতে কোন দেবতার নাম স্মরণ করতে হয়?
ক. দুর্গার
খ. বিষ্ণুর✓
গ. শিবের
ঘ. ব্রহ্মার
৪। শিবের হাতের একটি বাদ্যযন্ত্রের নাম –
ক. ডমরু✓
খ. ঢাক
গ. ঢোল
ঘ. করতাল
৫। দুর্গার হাত কয়টি?
ক. সাতটি
খ. আটটি
গ. নয়টি
ঘ. দশটি✓
৬। শক্তির উপাসকদের কী বলে?
ক. বৈষ্ণব
খ. শাক্ত✓
গ. শৈব
ঘ. গাণপত্য
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও:
প্রশ্ন ১। ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাঁকে কী বলে?
উত্তর: ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাকে দেবতা বা দেব-দেবী বলে।
প্রশ্ন ২। চারজন দেব-দেবীর নাম লেখ।
উত্তর: চারজন দেব-দেবী হলো- ১. ব্রহ্মা, ২. বিষ্ণু, ৩. শিব ও ৪. দুর্গা।
প্রশ্ন ৩। ব্রহ্মার বাম দিকের দুই হাতে কী কী থাকে?
উত্তর: ব্রহ্মার বাম দিকের দুই হাতে থাকে কমণ্ডলু ও ঘৃতপাত্র।
প্রশ্ন ৪। বিষ্ণু কাদের দমন করেন?
উত্তর: বিষ্ণু দুষ্টদের দমন করেন।
প্রশ্ন ৫। কোন তিথিতে শিবপূজা করা হয়?
উত্তর: ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবপূজা করা হয়।
প্রশ্ন ৬। দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?
উত্তর: তিনটি চোখ থাকার কারণে দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয়।
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। ব্রহ্মার বর্ণনা দাও।
উত্তর: ঈশ্বর যেরূপে সৃষ্টি করেন তাঁর নাম ব্রহ্মা। তিনি সৃষ্টির দেবতা। তাঁর চার হাত, চার মুখ। তাঁর বাম দুহাতে আছে কমণ্ডলু ও ঘৃতপাত্র। ডান দুহাতে আছে ঘি ঢালার চামচ ও অক্ষমালা। তাঁর গায়ের রং রক্ত-গৌর হংস তাঁর বাহন। লালপদ্ম তাঁর আসন।
প্রশ্ন ২। বিষ্ণুর রূপ বর্ণনা কর।
উত্তর: ঈশ্বর বিষ্ণুরূপে আমাদের পালন করেন। চাঁদের আলোর মতো বিষ্ণুর গায়ের রং। বিষ্ণুর চার হাত। চার হাতে আছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। ওপরের বাম হাতে শঙ্খ, ডান হাতে চক্র। নিচের বাম হাতে গদা, ডান হাতে পদ্ম।
প্রশ্ন ৩। বিষ্ণুর পূজা করলে কী ফল লাভ হয়?
উত্তর: বিষ্ণু হচ্ছে ঈশ্বরের পালন রূপ। এ বিষ্ণুরূপে ঈশ্বর আমাদের পালন করেন। বিষ্ণুকে স্মরণ করলে এবং তাঁর পূজা করলে সমস্ত পাপ দূর হয়। তখন নিষ্পাপ শরীরে প্রার্থনায় সিদ্ধি লাভ হয়।
প্রশ্ন ৪। শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লেখ।
উত্তর: শিবের প্রণাম মন্ত্রের বাংলা অর্থ হচ্ছে- তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের) হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমিই গতি। তোমার কাছে নিজেকে সমর্পণ করি।
প্রশ্ন ৫। দেবী দুর্গার বর্ণনা দাও।
উত্তর: দুর্গা হচ্ছেন ঈশ্বরের শক্তিরূপ। তিনি সকলের দুর্গতি নাশ করার জন্য তাঁর নাম হয়েছে দুর্গা। দেবী দুর্গার গায়ের রং অতশী ফুলের মতো হলুদ। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার মুখ। তাঁর চোখ তিনটি। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। একটি চোখ কপালের মাঝখানে। তাঁর মাথার এক পাশে বাঁকা চাঁদ। দেবী দুর্গার হাত দশটি। তাই তাঁর আরেক নাম দশভূজা। দশ হাতে তাঁর দশটি অস্ত্র থাকে। এ অস্ত্র দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সকল অশুভশক্তিতে নাশ করে পৃথিবীকে শান্তিময় করেন।
প্রশ্ন ৬। দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লেখ।
উত্তর: দেবী দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ হচ্ছে- হে সর্বমঙ্গলদায়িনী, কল্যাণময়ী, সর্বার্থপ্রদানকারিণী, আশ্রয়-স্বরূপিণী, – ত্রিনয়না, হে গৌরী, নারায়ণী, তোমাকে নমস্কার।
Codehorse Learn Free