এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর
এসএসসি পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর

এসএসসি আলোর প্রতিসরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

এসএসসি আলোর প্রতিসরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের (আলোর প্রতিসরণ) গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।

এসএসসি আলোর প্রতিসরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:

০১. কোনো লেন্সের ফোকাস দূরত্ব কমালে, ঐ লেন্সের সামনে রাখা বস্তুকে আরও বড় দেখায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আমরা জানি, লেন্সের ক্ষমতা নির্ভর করে ঐ লেন্সের ফোকাস দূরত্বের ওপর। কোনো লেন্সের ফোকাস দূরত্ব f ও ক্ষমতা P হলে—
P = 1/f
f = 1/P
সমীকরণ অনুযায়ী কোনো লেন্সের ক্ষমতা বাড়ানো হলে এর ফোকাস দূরত্ব কমবে। আবার যে লেন্সের ক্ষমতা যত বেশি হয়, সেটি তত বেশি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। তাই, লেন্সের ফোকাস দূরত্ব কমালে, ঐ লেন্সের সামনে রাখা বস্তুকে আরও বড় দেখায়।


০২. নির্দিষ্ট বর্ণের আলোর জন্য নির্দিষ্ট দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক সর্বদা ধ্রুব সংখ্যা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রানুসারে, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাত সর্বদা ধ্রুবক। অর্থাৎ, আপতন কোণ i এবং প্রতিসরণ কোণ r হলে—
sin i / sin r = ধ্রুব সংখ্যা
এই ধ্রুব সংখ্যাটিকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক।


০৩. ঘন মাধ্যমে আলোর বেগ কম হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো মাধ্যমে প্রতিসরণাঙ্ক n এবং ঐ মাধ্যমে আলোর বেগ v হলে—
n = c/v ⇒ v = c/n
যেখানে c = 3 × 10^8 m s⁻1 (শূন্য মাধ্যমে আলোর বেগ)। আলোর বেগ প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে। ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হালকা মাধ্যমের তুলনায় বেশি হয়, ফলে ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়।


০৪. বিকেল বেলায় রংধনু স্পষ্ট দেখা যায় কেন?
উত্তর: বিকেল বেলায় সূর্যের আলো বাতাসে পানির ফোটার উপর তীর্যকভাবে পড়ে। এই আলোক রশ্মি ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণে আপতিত হওয়ায় এতে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এর ফলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরিত হয়ে স্পষ্ট রংধনু তৈরী করতে পারে। এজন্য বিকেল বেলায় রংধনু স্পষ্ট দেখা যায়।


০৫. প্রতিসরণের সূত্র দুটি লেখো।
উত্তর: প্রতিসরণের সূত্র দুটি নিম্নরূপ:
প্রথম সূত্র: আপতিত আলোক রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছি, প্রতিসরিত আলোক রশ্মি সেই একই সমতলে থাকবে।
দ্বিতীয় সূত্র: প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক n1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক n2, আপতন কোণ θ1 এবং প্রতিসরণ কোণ θ2 হলে—
n1 sin θ1 = n2 sin θ2


০৭. উত্তল ও অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য লিখো।
উত্তর:
১) উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর অভিসারী হয়ে যায়।
অবতল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর অপসারী হয়ে যায়।
২) উত্তল লেন্সে বাস্তব, অবাস্তব উভয় বিম্বই গঠিত হতে পারে।
অবতল লেন্সে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়।


০৮. গ্লাসের পানিতে পেন্সিল ডোবালে বেঁকে গিয়েছে বলে মনে হয় কিন্তু তেলে ডোবালে ভেঙ্গে গিয়েছে বলে মনে হয়। এমনটি মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অভিলম্বের দিকে বেঁকে যায় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। একারণে কাচের গ্লাসে পানি ঢেলে পেন্সিল ডোবালে মনে হয়, পানির ভিতর পেন্সিল বেঁকে একটুউপরে উঠে গিয়েছে। আবার, বায়ু থেকে পানিতে প্রবেশের সময় আলোর বেগ কমে যায় এবং পানির চেয়ে তেলে আলোর বেগ আরও কম হয়। ফলে গ্লাসের তেলে পেন্সিল ডোবালে পানির চেয়েও বেশি বেঁকে যায়, এমনকি ভেঙ্গে গিয়েছে বলে মনে হয়।


০৯. প্রতিসরণাঙ্ক আপতন কোণের উপর নির্ভর করে না— ব্যাখ্যা করো।
উত্তর: একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে, একে প্রতিসরণাঙ্ক বলা হয়। আপতন কোণের মান বদলালে প্রতিসরণ কোণের মানও নির্দিষ্ট অনুপাতে বদলায়, তাই প্রতিসরণাঙ্ক একই থাকে।


১০. এক টুকরা কাচের চেয়ে এক টুকরা হীরার সংকট কোণের মান কম কেন?
উত্তর: সংকট কোণের মান প্রতিসরণাঙ্কের ওপর নির্ভর করে। কাচের প্রতিসরণাঙ্ক 1.5 এবং হীরার প্রতিসরণাঙ্ক 2.414।
কাচে: θc = sin⁻1(1/1.5) = 41.81°
হীরায়: θc = sin⁻1(1/2.414) = 24.47°
অতএব হীরার সংকট কোণ কাচের চেয়ে কম।


১১. অপটিক্যাল ফাইবারে কীভাবে তথ্য স্থানান্তরিত হয়?
উত্তর: অপটিক্যাল ফাইবার খুব সরু দীর্ঘ, নমনীয় অথচ নিরেট কাচ তন্তু দ্বারা তৈরি। কোরের প্রতিসরণাঙ্ক 1.5 এবং ক্ল্যাডের প্রতিসরণাঙ্ক 1.45। কোর থেকে ক্ল্যাডে যেতে গিয়ে ক্রান্তি কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফাইবার এমনভাবে বাঁকানো থাকে যাতে আপতন কোণ সবসময় ক্রান্তি কোণের চেয়ে বড় হয়। এভাবে আলোর গতিতে তথ্য স্থানান্তরিত হয়।


১৩. বিভিন্ন মাধ্যমে আলোর বেগ পরিবর্তনের সাথে আলোর প্রতিসরণের ঘটনা ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিসরণের মূল কারণ হলো আলোর গতি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পরিবর্তিত হওয়া। কম ঘন থেকে বেশি ঘনে গেলে গতি কমে এবং রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। বেশি ঘন থেকে কম ঘনে গেলে গতি বাড়ে এবং রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়।


১৪. রংধনু সৃষ্টির জন্য বাতাসে পানির কণা থাকতে হয় কেন?
উত্তর: রংধনু পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। বাতাসে থাকা পানির কণা এই দুই মাধ্যম সৃষ্টি করে। সূর্যের আলো পানির কণায় প্রতিসরিত ও পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে সূর্যের বিপরীত দিকে পড়লে রংধনু সৃষ্টি হয়।


১৫. হীরকের ক্রান্তি কোণ 24° বলতে কী বুঝো?
উত্তর: হীরক থেকে বায়ুতে প্রতিসরণের সময় 24° কোণে আলো আপতিত হলে প্রতিসরণ কোণ 90° হয় (রশ্মি বিভেদতল ঘেঁষে যায়)। 24° অপেক্ষা বেশি কোণে আপতিত হলে হীরকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।


১৬. প্রিজম ও লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর:
প্রিজম: দুটি অসমান্তরাল (হেলানো) পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। যৌগিক আলোক রশ্মি আপতিত হলে সাত রঙে বিভক্ত হয়।
লেন্স: দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করে।


📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now


১৭. লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের উপর কীভাবে নির্ভর করে।
উত্তর: ক্ষমতা P এবং ফোকাস দূরত্ব f এর সম্পর্ক—
P = 1/f
অর্থাৎ ক্ষমতা ফোকাস দূরত্বের বিপরীত রাশি। f কম হলে P বেশি, f বেশি হলে P কম।


১৮. অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে?
উত্তর: অপটিক্যাল ফাইবারে কোর (ঘন) ও ক্ল্যাড (হালকা) থাকে। কোর থেকে ক্ল্যাডে যেতে গিয়ে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। কাচ তন্তুতে শোষণ কম হওয়ায় আলো বহু দূর পর্যন্ত যেতে পারে।


১৯. একটি কাচদন্ডকে গ্লিসারিনে নিমজ্জিত করলে দেখা যায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কাচ ও গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক খুব কাছাকাছি হওয়ায় স্পর্শতলে আলোর প্রতিসরণ খুব নগণ্য হয়। তাই আলো উল্লেখযোগ্যভাবে বেঁকে যায় না এবং কাচদণ্ড গ্লিসারিনে অদৃশ্য মনে হয়।


২০. হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান 1 অপেক্ষা বেশি হয় কেন?
উত্তর: হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক = (হালকা মাধ্যমে আলোর বেগ) / (ঘন মাধ্যমে আলোর বেগ)। হালকা মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের চেয়ে বেশি, তাই এই অনুপাত 1-এর বেশি।


২১. গরমের দিনে পিচ ঢালা মসৃণ রাস্তায় মরীচিকা দেখা যায় কেন?
উত্তর: রাস্তা সংলগ্ন বায়ুর ঘনত্ব উপরের বায়ুর চেয়ে কম থাকে। সূর্যের আলো বিভিন্ন স্তরে ক্রমাগত প্রতিসরণ করতে করতে একসময় ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলো চোখে এমনভাবে পৌঁছায় যেন রাস্তা থেকে প্রতিফলিত হচ্ছে—ফলে পানি আছে মনে হয় (মরীচিকা)।


২২. অবতল লেন্সের ফোকাস দূরত্ব অবাস্তব কেন?
উত্তর: অবতল লেন্সে সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর অপসারী হয় এবং প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটিই ফোকাস—কিন্তু রশ্মি বাস্তবে সেখানে মিলিত হয় না। তাই ফোকাস ও ফোকাস দূরত্ব অবাস্তব।


২৩. কোনো উত্তল লেন্সে বস্তুর নির্দিষ্ট অবস্থানের জন্য ফোকাস দূরত্ব ও বিবর্ধনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
উত্তর: লেন্স সূত্র: 1/f = 1/u + 1/v
এবং বিবর্ধন: m = −(v/u)
এগুলো থেকে সম্পর্ক: f = u / (1 − 1/m)


২৪. একটি কাচের গ্লাসে কয়েন রেখে পানি ঢালতে থাকলে ধীরে ধীরে তা উপরে উঠে যাচ্ছে বলে মনে হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পানিতে থাকা কয়েন থেকে আসা আলো বায়ুতে প্রবেশের সময় অভিলম্ব থেকে দূরে বেঁকে যায়। তাই কয়েনের আপাত অবস্থান উপরে দেখা যায়। পানি বাড়ালে ঘন মাধ্যমের উচ্চতা বাড়ে এবং আপাত অবস্থানও বাড়তে থাকে—তাই কয়েন উঠছে মনে হয়।


২৫. কাঁচের সাপেক্ষে হীরার প্রতিসরণাঙ্ক 1.58 বলতে কী বোঝ?
উত্তর: কাঁচ থেকে হীরাতে আলোর প্রতিসরণের সময় (sin i)/(sin r) = 1.58 হয়—অর্থাৎ কাঁচের সাপেক্ষে হীরার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক 1.58।


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন চাইলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ও অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: এসএসসি পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

এস এস সি বাংলা ১ম পত্র প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

সুভা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য বাংলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *