এসএসসি ভৌত রাশি এবং তাদের পরিমাপ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ৯ম-১০ম ও এসএসসি পরিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের (ভৌত রাশি এবং তাদের পরিমাপ ) গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।
এসএসসি ভৌত রাশি এবং তাদের পরিমাপ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
০১. একটি রাশি প্রকাশ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, আবার আর একটি রাশি প্রকাশ করতে অন্য রাশির ওপর নির্ভর করতে হয়। রাশি দুইটির মধ্যে দুইটি পার্থক্য লেখো।
উত্তর: প্রথমোক্ত রাশিটি মৌলিক রাশি এবং অপর রাশিটি হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুটি পার্থক্য হলো-
| মৌলিক রাশি | লব্ধ রাশি |
|---|---|
| i. মৌলিক রাশি স্বাধীন অর্থাৎ অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। | i. লব্ধ রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল। |
| ii. মৌলিক রাশির একক ইচ্ছেমতো নির্বাচন করা যায়। | ii. মৌলিক রাশির উপর নির্ভরশীল হওয়ায় লব্ধ রাশির একক ইচ্ছেমতো নির্বাচন করা যায় না। |
০২. বৈজ্ঞানিক গবেষণায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া পর্যবেক্ষণের দুটি সমস্যা লেখো।
উত্তর: বৈজ্ঞানিক গবেষণায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া পর্যবেক্ষণের দুটি সমস্যা হলো:
১. পর্যবেক্ষণকৃত ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা কঠিন হতে পারে।
২. পরীক্ষা ছাড়া শুধু পর্যবেক্ষণের উপর নির্ভর করলে ভুল ফলাফল পাওয়া যেতে পারে।
০৩. মৌলিক রাশিগুলোকে সংজ্ঞায়িত করার দুটি সুবিধা লেখো।
উত্তর: মৌলিক রাশিগুলোকে সংজ্ঞায়িত করার দুটি সুবিধা হলো:
১. পৃথিবীজুড়ে সকল রাশি একই পদ্ধতিতে হিসাব করায় আন্তর্জাতিক লেনদেনে সুবিধা পাওয়া যায়।
২. অন্যান্য লব্ধ রাশির গাণিতিক সম্পর্ক সহজে তৈরি করা যায়।
০৪. আয়তন কোন ধরনের রাশি এবং ঘনকের এক পাশের দৈর্ঘ্যের সাথে আয়তনের সম্পর্কনির্ণয় করো।
উত্তর: আয়তন একটি লব্ধ রাশি।
আমরা জানি, ঘনকের আয়তন = দৈর্ঘ্য × দৈর্ঘ্য × দৈর্ঘ্য = (দৈর্ঘ্য)^3
অর্থাৎ, ঘনকের আয়তন হলো এর এক পাশের দৈর্ঘ্যের ঘনফলের সমান।।
০৫. একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm বলতে কী বোঝায়?
উত্তর: ভার্নিয়ার স্কেইলের একভাগ এবং মূল স্কেইলের একভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আবার ভার্নিয়ার ধ্রুবক,
VC = s / n
আমরা জানি, মূল স্কেইলের ক্ষুদ্রতম একভাগের দৈর্ঘ্য = 1 mm সুতরাং ভার্নিয়ার ধ্রুবক, VC = 0.1 mm
অর্থাৎ, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm বলতে বোঝায় যন্ত্রটির ভার্নিয়ার স্কেইলের একভাগ মূল স্কেইলের একভাগের চেয়ে 0.1 mm ছোট এবং ভার্নিয়ার স্কেইলটির দাগসংখ্যা 10 ।
০৬. স্লাইড ক্যালিপার্স ও স্ক্রুগেইজের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর: স্লাইড ক্যালিপার্স ও ক্রুগেইজের মধ্যে দুটি পার্থক্য হলো-
| স্লাইড ক্যালিপার্স | স্ক্রুগেইজ |
|---|---|
| ১. এই যন্ত্রে দুটি স্কেল রয়েছে। (ক) রৈখিক স্কেল ও (খ) ভার্নিয়ার স্কেল | ১. এতে দুটি স্কেল আছে। (ক) পিচ বা রৈখিক স্কেল ও (খ) বৃত্তাকার স্কেল |
| ২. এই যন্ত্রের ধ্রুবককে ভার্নিয়ার ধ্রুবক বলে। | ২. এই যন্ত্রের ধ্রুবককে লঘিষ্ঠ ধ্রুবক বলে। |
০৭. কোন রাশির মাত্রা সমীকরণ?
উত্তর: আমরা জানি, দৈর্ঘ্যের মাত্রা L, ভরের মাত্রা M, সময়ের মাত্রা T ।
ভর ও দৈর্ঘ্যের সূচক ১ এবং সময়ের সূচক -১, এমন রাশি হলো ভরবেগ। ভরবেগ = ভর × বেগ = ভর × (দৈর্ঘ্য/সময়)। তাই ভরবেগের মাত্রা সমীকরণ MLT^-1।
০৮. ভার্নিয়ার সমপাতন 7 বলতে কী বোঝায়?
উত্তর: স্লাইড ক্যালিপারসের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় ভার্নিয়ার স্কেইলের যত তম দাগটি প্রধান স্কেইলের একটি দাগের সাথে মিলে বা সবচেয়ে কাছাকাছি থাকে সেই পাঠটি ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ ভার্নিয়ার সমপাতন 7 বলতে বোঝায় ভার্নিয়ার স্কেইলের 7 নম্বর দাগটি প্রধান স্কেইলের একটি দাগের সাথে মিলে গিয়েছে বা সবচেয়ে কাছাকাছি রয়েছে।
০৯. মিটার স্কেইল, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগেইজের মধ্যে কোনটি দ্বারা বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়?
উত্তর: প্রধান স্কেইল বা মিটার স্কেইলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন, 0.2 মিলিমিটার বা 0.8 মিলিমিটার দৈর্ঘ্য মিটার স্কেইলের সাহায্যে পরিমাপ করা যায় না। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগেইজ দ্বারা মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায়। আবার স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক এবং স্ক্রুগেইজের ন্যূন্যাংকের মধ্যে যেটি ছোট সেই যন্ত্র দ্বারা বেশি সুক্ষ্মভাবে পরিমাপ করা যায়।
১০. সূক্ষ্ম ও ক্ষুদ্র পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেইলের সীমাবদ্ধতা কী?
উত্তর: একটি স্কেইলে সবচেয়ে সূক্ষ্ম যে দাগ থাকে আমরা সে পর্যন্ত সঠিকভাবে মাপতে পারি। মিটার স্কেইল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে। এজন্য মিটার স্কেইল ব্যবহার করে কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপা যায়। অর্থাৎ মিটার স্কেইল দিয়ে মিলিমিটারের ভগ্নাংশ মাপা যায় না। কিন্তু বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপের জন্য মিলিমিটারের ভগ্নাংশ মাপার প্রয়োজন হয়। এ কারণে সূক্ষ্ম ও ক্ষুদ্র পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেইলের সাহায্যে কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না।
১১. যদি হঠাৎ করে সময় দ্রুত চলতে শুরু করে তাহলে কি আমরা বুঝতে পারব? ব্যাখ্যা করো।
উত্তর: সময়ের পর্যবেক্ষণ প্রসঙ্গ কাঠামোতে উপস্থিত পর্যবেক্ষকের উপর নির্ভরশীল। ফলে একটি নির্দিষ্ট কাঠামোতে সময় হঠাৎ দ্রুত চলতে শুরু করলেও পর্যবেক্ষকের পর্যবেক্ষণ একইভাবে পরিবর্তিত হয়ে যাবে। ফলে দ্রুত সময় চলার ব্যাপারটি সে বুঝতে পারবে না। কিন্তু ভিন্ন একটি প্রসঙ্গ কাঠামো যেখানে সময় সঠিকভাবে চলছে, সে পূর্বউল্লেখিত কাঠামোর সময় পর্যবেক্ষণ করলে সময়কে দ্রুত চলতে দেখবে। সুতরাং, আমরা যে প্রসঙ্গ কাঠামোতে অবস্থান করি সেখানে হঠাৎ করে সময় দ্রুত চলতে শুরু করলে আমরা বুঝতে পারব না।
১২. SI পদ্ধতিতে মৌলিক সাতটি এককের মধ্যে কোনগুলো দৈনন্দিন প্রয়োজনে বেশি ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: আমাদের দৈনন্দিন প্রয়োজনে যেমন রান্নার কাজে, বিদ্যুৎ ব্যবহারে, চিকিৎসা ও যোগাযোগসহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপকভাবে মৌলিক রাশি ব্যবহৃত হয়। উক্ত ক্ষেত্রগুলোতে ব্যবহৃত মৌলিক রাশিগুলো দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা ও বৈদ্যুতিক প্রবাহ। আবার SI পদ্ধতিতে এই রাশিগুলোর একক হলো যথাক্রমে মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, কেলভিন ও অ্যাম্পিয়ার। অর্থাৎ, SI পদ্ধতিতে মৌলিক সাতটি এককের মধ্যে দৈনন্দিন প্রয়োজনে এই পাঁচটি এককই বেশি ব্যবহার করা হয়।
১৩. সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার স্কেইল এবং ভার্নিয়ার স্কেইলের মধ্যে তুমি কোন স্কেইল ব্যবহার করবে?
উত্তর: সাধারণ মিটার স্কেইলে সর্বনিম্ন 1 mm পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন 0.1 mm বা 0.2 mm সঠিকভাবে মাপা যায় না। অপরদিকে ভার্নিয়ার স্কেইলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে মাপা যায়। যদি ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm হয় তবে ভার্নিয়ার স্কেইলটি দিয়ে সর্বনিম্ন 0.01 mm পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা যাবে। এজন্য সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য আমি ভার্নিয়ার স্কেইল ব্যবহার করবো।
১৪. পেরেকের ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগেইজের মধ্যে তুমি কোনটি ব্যবহার করবে- ব্যাখ্যা করো।
উত্তর: সাধারণত স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm হয়ে থাকে। অর্থাৎ এর সাহায্যে সর্বনিম্ন 0.1 mm পর্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। অপরদিকে স্ক্রুগেইজের ন্যূনাঙ্ক 0.01 mm হয়, অর্থাৎ এই স্কেইলে 0.01 mm পর্যন্ত দৈর্ঘ্য মাপা সম্ভব হতে পারে। অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের তুলনায় স্ক্রুগেইজ দ্বারা অধিকতর সূক্ষ্মতর পরিমাপ করা সম্ভব। তাই পেরেকের ব্যাস পরিমাপের ক্ষেত্রে আমি স্লাইড ক্যালিপার্সের পরিবর্তে স্ক্রুগেইজ ব্যবহার করবো।
📘 সকল গাইড, বই ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইনস্টল করো: Install Now
১৫. ভার্নিয়ার স্কেইলের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করো।
উত্তর: ধরি, একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেইলের পাঠ M এবং ভার্নিয়ার সমপাতন V পাওয়া গেল। সুতরাং যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক VC হলে,
বস্তুর দৈর্ঘ্য = প্রধান স্কেইল পাঠ + ভার্নিয়ার স্কেইল পাঠ
= প্রধান স্কেইল পাঠ + ভার্নিয়ার সমাপাতন × ভার্নিয়ার ধ্রুবক।
অর্থাৎ, L = M + V × VC
১৬. ভৌত জগতে লব্ধ রাশি অসংখ্য হলেও মৌলিক রাশি মাত্র সাতটি কেন?
উত্তর: সকল ভৌত রাশিকে কেবল নির্দিষ্ট সাতটি রাশির সাহায্যে প্রকাশ করা যায়। এর চেয়ে কম রাশি দিয়ে সকল লব্ধ রাশিকে প্রকাশ করা যায় না। আবার এক্ষেত্রে এই সাতটির বেশি রাশিরও প্রয়োজন হয় না। অন্যদিকে নির্দিষ্ট এসব সাতটি রাশি প্রকাশের জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। তাই মৌলিক রাশি সাতটি।
১৭. ভৌত রাশিকে দুই ভাগে বিভক্ত করার দুইটি সুবিধা লেখো।
উত্তর: ভৌত রাশিকে মৌলিক ও লব্ধ এই দুই ভাগে বিভক্ত করার দুইটি সুবিধা নিচে লেখা হলো—
i. স্পষ্টতা: মৌলিক এবং লব্ধ রাশিকে আলাদা করে ভাগ করায় পরিমাপের প্রক্রিয়া সহজ হয় এবং রাশিগুলোর মাঝে সঠিক সম্পর্ক বোঝা যায়।
ii. বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা: মৌলিক রাশিগুলো সরাসরি প্রকৃতির মৌলিক বৈশিষ্ট্য থেকে আসে, যা বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণার জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি স্থাপন করে।
১৮. গ্যালিলিও-নিউটনীয় যুগকে বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় কেন?
উত্তর: গ্যালিলিও-নিউটনীয় যুগে আলো, বিদ্যুৎ, চুম্বক, শব্দ, তাপ প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক প্রায়োগিক কাজ শুরু হয়। গ্যালিলিও গাণিতিক তত্ত্ব এবং পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। আর নিউটন এর পূর্ণতা আনেন। তাদের প্রবর্তিত ধারায় বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে সূত্রাকারে সহজে উপস্থাপন করা যায়। তাই গ্যালিলিও-নিউটনীয় যুগকে বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়।
২০. স্ক্রুগেইজ ব্যবহার করে সিলিন্ডারের আয়তন কীভাবে নির্ণয় করা হয়?
উত্তর: স্ক্রুগেইজের সাহায্যে সিলিন্ডার আকৃতির বস্তুর উচ্চতা h এবং এর ব্যাস d পরিমাপ করা হয়। এরপর ব্যাস এর মানকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ r নির্ণয় করা হয়। এরপর আয়তন = πr²h সমীকরণটিতে r ও h এর মান বসিয়ে সিলিন্ডারের আয়তন নির্ণয় করা হয়।
২১. পদার্থবিজ্ঞানে কোনো রাশির পরিমাণ লেখার সাথে রাশিটির একক লেখা কেন প্রয়োজন?
উত্তর: কোনো রাশির পরিমাণ লেখার সাথে একক লেখা না হলে নিম্নোক্ত সমস্যাগুলো হতে পারে-
i. রাশিটি সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করা সম্ভব হবে না।
ii. রাশিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য সে সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে না।
iii. অন্য কোনো রাশি নির্ণয়ে সেই রাশিটি সঠিকভাবে ব্যবহার করা যাবে না।
অর্থাৎ উক্ত সমস্যাগুলোকে পরিহার করতে পদার্থবিজ্ঞানে কোনো রাশির পরিমাণ লেখার সাথে রাশিটির একক লেখা প্রয়োজন।
২২. পরিমাপের যথার্থতা ও নির্ভুলতা বজায় রাখার চারটি কৌশল লেখো।
উত্তর: পরিমাপের যথার্থতা ও নির্ভুলতা বজায় রাখার চারটি কৌশল হলো-
i. পরিমাপের যন্ত্র সঠিকভাবে ক্যালিব্রেট করা।
ii. যন্ত্র ব্যবহারের সময় যন্ত্রের নির্দেশাবলী অনুসরণ করা।
iii. পরিমাপকৃত মান কয়েকবার নিয়ে গড় হিসাব করা।
iv. পরিমাপের জন্য পরিবেশগত শর্ত যেমন তাপমাত্রা, আর্দ্রতা, চাপ ইত্যাদি হিসাবে রাখা।
২৩. পেটামিটার ও ফেমটোমিটারের মধ্যে সম্পর্ক কেমন? গাণিতিকভাবে দেখাও।
উত্তর: আমরা জানি, 1Pm = 10^15 m
আবার, 1fm = 10^-15 m
এখন, 1Pm / 1fm = 10^15 / 10^-15 = 10^30
অর্থাৎ, পেটামিটার ফেমটোমিটারের 10^30 গুণ।
২৪. আর্কিমিডিসের মৃত্যু পরবর্তী সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলার কারণ কী?
উত্তর: আর্কিমিডিসের মৃত্যুর পর কয়েক শতাব্দীকাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। আর্কিমিডিস মৃত্যুবরণ করেন ২১২ খ্রিস্টপূর্বাব্দে। এরপর থেকে ত্রয়োদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি। তাই এ সময়কে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয়।
২৫. পরিমাপের আন্তর্জাতিক এককের প্রচলন কেন শুরু হয়?
উত্তর: ভৌত রাশিসমূহের পরিমাপের জন্য যুগে যুগে বিভিন্ন একক আবিষ্কৃত ও ব্যবহৃত হয়েছে। তবে এক দেশের প্রচলিত একক অন্য দেশের লোকজনের বুঝতে সমস্যা হয়। তাই ১৯৬০ সালে সমগ্র দুনিয়াজুড়ে একটি সাধারণ একক ব্যবস্থা ব্যবহারের জন্য সকল বিজ্ঞানী সম্মত হন। এজন্য পরিমাপের আন্তর্জাতিক এককের প্রচলন শুরু হয়।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন চাইলে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ও অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!
Codehorse Learn Free