পঞ্চম শ্রেণীর বাংলা হাতি আর শিয়ালের গল্প প্রশ্নোত্তর
৫ম শ্রেণি: হাতি আর শিয়ালের গল্প

হাতি আর শিয়ালের গল্প পঞ্চম শ্রেণীর বাংলা

হাতি আর শিয়ালের গল্প পঞ্চম শ্রেণীর বাংলা: মানুষ থাকে লোকালয়ে আর পশুরা থাকে জঙ্গলে। এমনই এক জঙ্গলে পশু-পাখি সুখে বসবাস করছিল। কিন্তু একদিন মস্ত বড় এক হাতি তাড়া খেয়ে সেই বনের মধ্যে ঢুকে পড়ে। হাতিটি বনের মধ্যে ঢুকেই অন্যান্য পশু-পাখি-প্রাণীর ওপর ভীষণ অত্যাচার শুরু করে। সবার ঘুম কেড়ে নেয়। তখন একদিন বনের প্রাণীরা সবাই মিলে সিংহের গুহায় এলো। কীভাবে এ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সবাই তা ভাবতে লাগল। শেষে শেয়ালের ওপর দায়িত্ব পড়ল এ বিপদ থেকে সবাইকে উদ্ধার করার। শেয়াল অপূর্ব বৃদ্ধি ও কৌশলে হাতিটিকে-নদীর তীরে নিয়ে এলো। শিয়ালের চালাকিতে নদীতে পড়ে হাতিটি ধীরে ধীরে তলিয়ে গেল। আর অত্যাচার থেকে মুক্তি পেল বনের সব প্রাণী। শাস্তি পেল অত্যাচারী হাতি। অন্যের ওপর অত্যাচার করলে এভাবেই শাস্তি ভোগ করতে হয়।

হাতি আর শিয়ালের গল্প পঞ্চম শ্রেণীর বাংলা:

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুঙ্কার, সমস্বরে, তটস্থ, শঙ্কিত, শক্তিধর, আস্তানা, উদগ্রীব;
উত্তর:
দিগন্ত-প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়।
অহংকার-গর্ব, নিজে অনেক বড় কেউ- এ রকম মনে করা।
তিরিক্ষি-খারাপ মেজাজ।
তুলকালাম কান্ড-এলাহি কান্ড।
হুঙ্কার– চিৎকার।
সমম্বরে-একসঙ্গে শব্দ করা বা কথা বলা।
তটস্থ-ব্যতিব্যস্ত।
শঙ্কিত-ভীত।
শক্তিধর-শক্তি আছে যার।
আস্তানা-বাসস্থান, বসবাসের জায়গা।
উদ্‌গ্রীব-খুব আগ্রহী।

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
দিগন্তের,অহংকার,তিরিক্ষি,তুলকালাম কাণ্ড,হুঙ্কার,মেদিনী,তটস্থ,শঙ্কিত;
ক. বিদ্যুৎ চমকালে___কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
খ. ___পতনের মূল।
গ. কী হয়েছে, এত___হয়ে আছ কেন?
ঘ. বনের সিংহ___দিলে মানুষের মনে ভয় জাগে।
ঙ. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে___বাঁধিয়ে দিয়েছে।
চ. ___ওপারে কী আছে কেউ জানে না।
ছ. মেজাজ___বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
জ. তুমি এত___কেন? কী হয়েছে?
উত্তর: ক. মেদিনী; খ.অহংকার; গ.শঙ্কিত; ঘ.হুঙ্কার; ঙ.তুলকালাম কাণ্ড; চ.দিগন্তের; ছ.তিরিক্ষি; জ.তটস্থ;

৩. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক. প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে?
উত্তর: গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো সিংহকে প্রবল শক্তিধর বলা হয়েছে।

খ. বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কী?
উত্তর: বনের মধ্যে হাজারো রকমের প্রাণী মিলেমিশে সুখে বসবাস করছিল। হঠাৎ একদিন তাড়া খেয়ে বনের মধ্যে এক মস্ত বড় হাতি ঢুকে পড়ে। হাতিটি বনে ঢুকেই জোরে গলা ফাটিয়ে হুঙ্কার দেয়। থরথর করে কেঁপে ওঠে সমস্ত বন। হাতিটি কখনো হরিণকে শুঁড় দিয়ে ছুড়ে ফেলে, আবার কখনো পিঁপড়াকে পায়ের তলায় পিষে মারে। কেউ শান্তিতে ঘুমাতে পারে না। এভাবে হাতির অত্যাচারে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে। 

গ. গল্পে মুক্ত-স্বাধীন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বাঁচার কথা বলা হয়েছে। শিয়ালের বুদ্ধিতে বনের সব পশু-পাখি হাতির অত্যাচার থেকে রক্ষা পায়। এখন তারা নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করবে। এমন অবস্থাকে গল্পে মুক্ত স্বাধীন বলা হয়েছে।

ঘ. শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের কী হতো ব্যাখ্যা কর।
উত্তর: বনের মধ্যে নানান পশু-পাখি সবাই মিলে সুখে বসবাস করছিল। হঠাৎ করে ঐ বনে হাতির আগমন ও অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে ওঠে। শিয়াল হাতিকে শাস্তি না দিলে এ অত্যাচার আরও বেড়ে যেত। বনের কোনো প্রাণী হাতির অত্যাচার থেকে রক্ষা পেত না। তখন প্রত্যেকের জীবনই বিপন্ন হয়ে পড়ত। তাই বলা যায় শিয়াল হাতিকে শান্তি না দিলে বনে বসবাসকারী পশু-পাখিদের অশান্তি দূর হতো না। 

ঙ. হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে কর।
উত্তর: হাতি অন্যের তাড়া খেয়ে বনের মধ্যে প্রবেশ করে এবং বনে বসবাসকারী পশু-পাখির ওপর অত্যাচার শুরু করে। শিয়াল কৌশলে হাতিকে শাস্তি দেয়। হাতির এ শাস্তির জন্য দায়ী হাতির বেপরোয়া স্বভাব, অহংকার, নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার, শক্তিকে ভালো কাজে ব্যবহার না করা, অন্যের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা ও অজ্ঞতা।

চ. সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন?
উত্তর: প্রাণীদের মধ্যে শিয়াল সবচেয়ে চালাক। শিয়ালের বুদ্ধির কথা কম-বেশি সবাই জানে। কারণ শিয়াল শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে ঐ হাতিকে শাস্তি দেওয়ার একটা উপায় বের করবে। এ কারণে সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল। 

ছ. শিয়াল কীভাবে বনের পশুপাখিকে রক্ষা করল?
উত্তর: হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য বনের সব পশু-পাখি শিয়ালকে দায়িত্ব দিল। শিয়াল কৌশলে হাতিকে রাজা বলে স্বীকার করে এবং সবার সঙ্গে দেখা করার জন্য নদীর ধারে নিয়ে আসে। শিয়াল হাতিকে বলে যে, বনের অন্যান্য প্রাণী নদীর ওপারে হাতির – জন্য অপেক্ষা করছে। শিয়াল হাতিকে নদী পার হতে বলে নিজে সাঁতার কেটে চলে গেল। হাতি শিয়ালের মতো করে নদীতে নামতেই পানিতে তলিয়ে যেতে শুরু করে। কারণ হাতির শরীরের অনেক ওজন। আর এভাবেই শিয়াল কৌশলে হাতিকে নদীতে ফেলে বনের পশু-পাখিদের রক্ষা করল। 

জ. অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কী হয়?
উত্তর: অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর হয়। মৃত্যু বা ধ্বংসই এর শেষ পরিণাম। কারণ অহংকার পতনের মূল। তাই দুষ্ট হাতিটিও শেষ পর্যন্ত পানিতে ডুবে মরে যায়।

৪. বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।
[সুন্দর-কুৎসিত], [অহংকার-বিনয়], [ভয়-সাহস], [স্বাধীন-পরাধীন]
ক. আমরা___দেশের অধিবাসী।
খ.___পতনের মূল।
গ. চেহারা নয়, আসল ___হলো মানুষের মন।
ঘ. মনে___থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।
উত্তর:
ক. আমরা স্বাধীন দেশের অধিবাসী।
খ.অহংকার পতনের মূল।
গ. চেহারা নয়, আসল সুন্দর হলো মানুষের মন।
ঘ. মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।

৫. ঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দিই।
ক. বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো?
১. বাঘ
২. শিয়াল
৩. হাতি
৪. সিংহ

খ. কার জন্য বনে আবার শান্তি এলো?
১. সিংহ
২. শিয়াল
৩. ভালুক
৪. বাঘ

গ. হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো?
১. শিয়াল সাঁতার জানে
২. শিয়াল খুব সাহসী
৩. শিয়াল বুদ্ধিমান
৪. শিয়াল হাতির বন্ধু

ঘ. হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি?
১. হাতির অহংকার
২. হাতির লম্বা শুঁড়
৩. হাতির ভারী শরীর
৪. হাতির বোকামি

ঙ. হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন?
১. হাতির অত্যাচারের জন্য
২. হাতি খুব বড় বলে
৩. হাতির ভয়ে
৪. হাতি সাঁতার জানে বলে

৬. বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

শান্তি-অশান্তি-অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে।
সভ্য-অসভ্য-অসভ্য মানুষকে সকলে ঘৃণা করে।
ধ্বনি-প্রতিধ্বনি-গুহায় শব্দ করলে তা প্রতিধ্বনি সৃষ্টি করে।
শক্তিশালী-দুর্বল-ছেলেটি বেশ দুর্বল।

৭. নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি।
দুষ্টু – বিশেষণ
হাতি -বিশেষ্য
বুদ্ধিমান-বিশেষণ
এবং -অব্যয়
আমি -সর্বনাম
চায় -ক্রিয়া

৮. যেকোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি।
উত্তর: বনে বসবাসকারী বিভিন্ন প্রাণীর মধ্যে বাঘ অন্যতম। বাঘ অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশের সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া যায়। এর নাম রয়েল বেঙ্গল টাইগার। এ বায় আমাদের জাতীয় পশু।

৯. কর্ম-অনুশীলন।
একটি গল্প লেখার চেষ্টা করি। প্রথমে ২/৩টি সাদা কাগজ নিই। সেগুলোকে ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি। এখন প্রতিটি কাগজের এক পাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি। আর উপরের অর্ধেকে নিজের খুশিমতো ছবি আঁকি। লেখা শেষে উপরে একটা কভার পৃষ্ঠা যোগ করি। সে-পৃষ্ঠায় গল্পের একটা নাম দিই ও লিখি, নিজের নাম লিখি এবং ইচ্ছামতো ছবি আঁকি। এভাবে নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি।
উত্তর:

ধরাতলে নরাধম

আমাদের গ্রামের বাড়ির পাশেই বাজার। সেখানে সপ্তাহে শনি- মঙ্গলবার দুদিন হাট বসত। আমি দাদুভাইয়ের সঙ্গে হাটে যেতে বায়না ধরতাম। তিনি মাঝে মাঝে নিয়ে যেতেন। হাটে পুকুর পাড়ে বড় নিমগাছ তলায় দুই-তিনটে দোকান। মাঝে সবুজ ঘাসে ছাওয়া খালি জায়গা। সেখানে রেকসিন বিছিয়ে ছোট ছোট শিশি, ট্যাবলেট সাজিয়ে দুদু ডাক্তার ওষুধ নিয়ে বসতেন। তার ফরসা গোলগাল মুখ, কালো ফ্রেমের চশমায় খুব সুন্দর লাগত। দাদুভাইকে উনি খুব সম্মান করতেন। সেখানে আমাকে বসিয়ে রেখে দাদুভাই হাটে কেনা-কাটা করতেন। সেদিন সবেমাত্র আমরা হাটে গিয়ে দুদু ডাক্তারের দোকানের কাছাকাছি হয়েছি; তখনই দেখলাম কোথা থেকে একটা লোক এসে ডাক্তারের বিছানো রেকসিনটা টেনে তুলে ফেলে ওষুধপত্র সব ছুড়ে ফেলে দিল। ওষুধের শিশিগুলো ভেঙে ফেলল। ডাক্তার তাকে থামানোর চেষ্টা করল, পারল না। আমি ভয়ে কাঁদতে শুরু করলাম। দাদুভাই আমার হাত ছেড়ে দিয়ে ঐ লোকটাকে থামাতে কখন চলে গেছেন’ খেয়াল করিনি। আমাকে কাঁদতে দেখে ডাক্তার সাব এগিয়ে এলেন। আমাকে আদর করে চোখ মুছে দিলেন। বললেন- “আহা! তুমি কাঁদছ কেন? কাঁদে না, কাঁদে তো ছোট বাচ্চারা, তুমি তো অনেক বড়। ঘোড়ায় চড়তে পারবে, টগবগ টগবগ করে যুদ্ধে যেতে পারবে। তুমি তো মস্ত বীর। বীর তো ভয় পায় না।” আমার কান্না থামল; কিন্তু ভয় পুরোপুরি কাটছে না। ঐ রাগী লোকটা কসাই, সে যেন কাকে টাকা দিয়ে ঐ জায়গার দখল নিয়েছে। কিন্তু হাটের লোকজন মানছে না, ওটা ডাক্তারের বসার জায়গা। কেউ তাকে সরাতে পারবে না। কথাটা শুনে আমি খুশি হলাম। ততক্ষণে দাদুভাই চলে এসেছেন। তখন ডাক্তার সাহেব আমাকে একটা ছড়া শোনালেন-
উই আর ইঁদুরের দ্যাখো ব্যবহার যাহা পায়,
তাহা কেটে করে ছারখার,
ধরাতলে নরাধম খল আছে যতো
ঠিক তারা উই আর ইঁদুরের মতো।

আরও পড়ুন: সুন্দরবনের প্রাণী পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর

আরও পড়ুন: ফুটবল খেলোয়াড় পঞ্চম শ্রেণীর বাংলা

Codehorse App

Check Also

৫ম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ প্রশ্নোত্তর: বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *