তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৮ রাষ্ট্রভাষা বাংলা চাই: বাংলাদেশ তখন ছিল পাকিস্তানের অধীন। পাকিস্তানিরা বলল, রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু বাঙালি তা মানল না। বাঙালি রাষ্ট্রভাষা উর্দুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। পাকিস্তান সরকার বলল, একত্রে বেশি লোক জড়ো হওয়া যাবে না। বাঙালি এসব বাধা না মেনে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ বলে স্লোগানসহ মিছিল দিতে লাগল। পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করে। শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকে। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির ন্যায্য দাবি মানতে বাধ্য হয়। বাংলা রাষ্ট্রভাষা হয়।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৮ রাষ্ট্রভাষা বাংলা চাই:
শব্দ শিখি:
শাসন – দেশ পরিচালনা
ক্ষোভ – অসন্তোষ
পোস্টার – বড়ো কাগজে লেখা বিজ্ঞপ্তি
স্লোগান- দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ
রাজপথ – বড়ো রাস্তা
একত্র – একসাথে
মিছিল – শোভাযাত্রা
সমাবেশ – একত্র অবস্থান
আক্রমণ – হামলা
অনুশীলনী
১। যুক্তবর্ণ ভেঙে লিখি। শব্দ বলি ও লিখি।
পাকিস্তান স্ত = স+ত সস্তা…………….
পোস্টার স্ট = স+ট স্টেশন…………….
পরিকল্পনা ল্প = ল+প গল্প…………….
উত্তর:
পাকিস্তান স্ত = স+ত সস্তা স্তম্ভ
পোস্টার স্ট = স+ট স্টেশন স্টাইল
পরিকল্পনা ল্প = ল+প গল্প অল্প
২। বাক্য বলি ও লিখি।
রাষ্ট্রভাষা ……………….
মিছিল ……………….
পোস্টার ……………….
সমাবেশ ……………….
উত্তর:
রাষ্ট্রভাষা – আমাদের রাষ্ট্রভাষা বাংলা।
মিছিল – বাংলা ভাষার দাবিতে ছাত্র-ছাত্রীরা মিছিল করেছিল।
পোস্টার – রাব্বি সুন্দর করে পোস্টার তৈরি করতে পারে।
সমাবেশ – গতকাল আমাদের বিদ্যালয়ে ছাত্র সমাবেশ ছিল।
৩। উত্তর বলি ও লিখি।
ক) রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা?
উত্তর: রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল পাকিস্তানিরা।
খ) দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলত?
উত্তর: দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত।
গ) রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল?
উত্তর: বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল।
ঘ) পোস্টারে কী লেখা ছিল?
উত্তর: পোস্টারে লেখা ছিল অ আ ক খ এবং রাষ্ট্রভাষা বাংলা চাই।
ঙ) আমাদের শহিদ দিবস কোনটি?
উত্তর: ২১শে ফেব্রুয়ারি।
চ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
৪। নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি।
সমাবেশ
রাষ্ট্রভাষা
লাল
মুষ্টিবদ্ধ
ক) বাংলাকে………..করতে হবে।
খ) …………হাতে তারা স্লোগান তুলল।
গ) পরের দিনও মানুষ…………করল।
ঘ) কালো রাজপথ রক্তে……….হয়ে গেল।
উত্তর:
ক) বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে।
খ) মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল।
গ) পরের দিনও মানুষ সমাবেশ করল।
ঘ) কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল।
৫। বুঝে নিই।
রাষ্ট্রভাষা – সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়।।
পরিকল্পনা – ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা।
শহিদ – অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা জীবন দেন।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. কারা দেশের রাষ্ট্রভাষা উর্দু করতে চায়?
উত্তর: পাকিস্তানিরা।
২. পাকিস্তানিরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করতে চায়?
উত্তর: উর্দুকে।
৩. বাঙালি কোন বিষয়টি মেনে নিতে পারে নি?
উত্তর: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব।
৪. পাকিস্তানিরা বাঙালির কোন দাবি মানতে পারে নি?
উত্তর: বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি।
৫. বাঙালির ন্যায্য দাবি কী ছিল?
উত্তর: বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি।
৬. ২১ শে ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীরা কোথায় জড়ো হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
৭. ছাত্রছাত্রীরা পোস্টারে কী লেখে?
উত্তর: অ আ ক খ এবং রাষ্ট্রভাষা বাংলা চাই।
৮. ছাত্র-ছাত্রীরা কী করার সিদ্ধান্ত নেয়?
উত্তর: মিছিল করার।
৯. পুলিশ কার নির্দেশে মিছিলে গুলি করে?
উত্তর: পাকিস্তান সরকারের।
১০. ২১ শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়?
উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১১. বড়ো কাগজে লেখা বিজ্ঞপ্তিকে কী বলা হয়?
উত্তর: পোস্টার।
১২. দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ তোলাকে কী বলা হয়?
উত্তর: স্লোগান।
১৩. সরকার স্বীকৃত ভাষাকে কী বলে?
উত্তর: রাষ্ট্রভাষা।
১৪. ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা করাকে কী বলে?
উত্তর: পরিকল্পনা।
১৫. শহিদ কারা?
উত্তর: যাঁরা ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেন।
📘 সকল গাইড, নোট ও সাজেশন পেতে অ্যাপটি ইনস্টল করো:
Install Now
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
১. ১৯৫২ সালের কত তারিখে ও কেন ছাত্র-ছাত্রীরা রাজপথে নেমে আসে?
উত্তর : ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-ছাত্রীরা রাজপথে নেমে আসে।
পাকিস্তান শাসন আমলে পাকিস্তানিরা উর্দুকে দেশের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এ সময় পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলত বাংলা ভাষায়। তাই উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব বাঙালি মেনে নিতে পারেনি। বাঙালি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। কিন্তু পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানে নি। ফলে বাঙালিরা শুরু করে আন্দোলন। ছাত্র-ছাত্রীরা নেমে আসে রাস্তায়।
২. পাকিস্তানি সরকারের নির্দেশে কারা গুলি ছুড়ে? পাকিস্তানি সরকার ভয় পায় কেন?
উত্তর : পাকিস্তানি সরকারের নির্দেশে পুলিশ গুলি ছুড়ে।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। তাদের হাতের পোস্টারে লেখা- অ আ ক খ এবং রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির এই অকুতোভয় আন্দোলন দেখে পাকিস্তান সরকার ভয় পেয়ে যায়।
৩. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটি সম্পর্কে লেখ।
উত্তর : ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল শুরু করে। মিছিলের প্রথম দলে ছাত্রীরা বের হয়। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকে। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তোলে, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনি সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করে। রাজপথে লুটিয়ে পড়ে বরকত, রফিক, সালাম, জব্বার। শহিদ হয় নাম না-জানা আরো অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে যায়।
এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ ও মিছিল করে। এই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহিদ হয় কয়েকজন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। এখন ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।
Codehorse Learn Free